[email protected] বুধবার, ৪ মার্চ ২০২৬
১৯ ফাল্গুন ১৪৩২

বইমেলায় সাংবাদিক আবু আলীর নতুন বই ‘সহজ ভাষায় বীমা পাঠ’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ মার্চ ২০২৬ ৯:৩৪ পিএম

সংগৃহীত ছবি

চলমান অমর একুশে বইমেলা-তে পাঠকদের জন্য এসেছে সাংবাদিক আবু আলীর নতুন গ্রন্থ ‘সহজ ভাষায় বীমা পাঠ’।

বীমা খাতের জটিল বিষয়গুলো সাধারণ পাঠকের বোধগম্য করে উপস্থাপনই বইটির মূল উদ্দেশ্য।

গ্রন্থটি প্রকাশ করেছে জ্যোতিপ্রকাশ। বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে বিন্দু প্রকাশ-এর ২৩৭ নম্বর স্টল এবং বাংলা একাডেমি প্রাঙ্গণে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর ৫৫৭ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

প্রচ্ছদমূল্য ২৮৫ টাকা হলেও মেলা উপলক্ষে থাকছে ২৫ শতাংশ মূল্যছাড়।


বইটিতে বীমার প্রাথমিক ধারণা থেকে শুরু করে এর প্রয়োজনীয়তা, ধরনভেদ, বিভিন্ন পলিসির সুবিধা, গ্রুপ বীমার কার্যপ্রণালি, পলিসি তামাদি হওয়ার কারণ ও প্রতিকার, জীবনবীমার প্রিমিয়াম নির্ধারণের পদ্ধতি, কর রেয়াত সুবিধা, পেনশন সুবিধা, এমনকি এফডিআর-এর বিকল্প হিসেবে জীবনবীমার ব্যবহার—এসব বিষয় সহজ উদাহরণে ব্যাখ্যা করা হয়েছে।


এছাড়া বীমা খাতের নীতিগত দুর্বলতা, নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা, রাজনৈতিক বিবেচনায় অনুমোদনসহ খাতটির চ্যালেঞ্জ ও সম্ভাবনার দিকও আলোচিত হয়েছে।

ইসলামী বীমা ও প্রচলিত বীমার পার্থক্য, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ পরিভাষাও বইটিতে অন্তর্ভুক্ত রয়েছে।


লেখকের মতে, বইটি নবীন সাংবাদিক—বিশেষত অর্থনৈতিক প্রতিবেদকদের জন্য সহায়ক হবে। পাশাপাশি ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীরাও উপকৃত হতে পারেন।


দুই দশকের বেশি সময় ধরে সাংবাদিকতায় যুক্ত আবু আলী বর্তমানে দৈনিক আমাদের সময়-এ সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত। এটি তাঁর অষ্টম প্রকাশিত গ্রন্থ।


এর আগে তিনি অর্থনীতি, শেয়ারবাজার ও ভ্রমণভিত্তিক একাধিক বই প্রকাশ করেছেন।

এর মধ্যে রয়েছে ‘অর্থনৈতিক পরিভাষা’, ‘প্যারিস থেকে হামবুর্গ’, ‘টেমস থেকে নীলনদ’, ‘শেয়ারবাজারের সহজপাঠ’, ‘আকাশ থেকে জলে’, ‘মেঘ পাহাড়ের আলিঙ্গন’ এবং ‘শেয়ারবাজারের প্রাথমিক ধারণা’।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর